উচ্চ আদালত কর্তৃক পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নির্বাচন কমিশন আগামী ৩০জানুয়ারী ওই পৌরসভার ভোট গ্রহণ এবং ১৪ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের নতুন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছেন। সোমবার নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান সাক্ষরিত ঐ প্রজ্ঞাপন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রওশন আলীর কাছে ই-মেইলে-এ প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী ঐ প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনের তপসিল অনুযায়ী আগামী ১৬জানুয়ারী ওই পৌরসভার নির্বাচন এবং গত ২৯ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ছিল। কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের আগেই বর্তমান পৌর মেয়র আবদুল ওহাব উদ্দেশ্য প্রণোদিতভাবে পৌরসভার বর্ধিত শহর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দাবি জানিয়ে উচ্চ আদালতে রিট করেন। বিজ্ঞ আদালত ঐ রিটের প্রেক্ষিতে গত ১৫ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তপসিল আনুযায়ী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য ওই পৌর নির্বাচন ৩মাসের জন্য স্থগিতাদেশ দেন। এরইমধ্যে রাষ্ট্রপক্ষের আইজীবী ঐ স্থগিতাদেশ খারিজের জন্য উচ্চ আদালতের আপিল বেঞ্চে আবেদন করেন। গত ৩ জানুয়ারী ঐ আবেদনের শুনানী শেষে মহামান্য আদালত রাষ্টপক্ষের আবেদন যথার্থ বিবেচনা করে নির্বাচন স্থগিতাদেশের ঐ রিট খারিজ করে দেন। নির্বাচন কমিশন ঐ স্থগিতাদেশ খারিজের প্রেক্ষিতে নির্বাচনের পূর্বের তপসিলের অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত রেখে তৃতীয় ধাপের তপসিলে আগামী ৩০জানুয়ারী ওই পৌরসভার ভোট গ্রহণ এবং ১৪ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের নতুন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেন। প্রসঙ্গত উল্লেখ্য ওই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজা এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হুদা কামাল বিশ্বাসসহ সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪জনসহ মোট ৪৪জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।