রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী আর নেই। সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে পীরগঞ্জের ফতেপুরে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। রওশন আরা ওয়াহেদ রানী মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই মরহুম আবদুল ওয়াহেদ কানু মিয়ার স্ত্রী রওশন আরা ওয়াহেদ রানী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার। তিনি জানান, রওশন আরা ওয়াহেদ রানী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমা রওশন আরা ওয়াহেদ রানীর প্রথম নামাজের জানাজা বাদ যোহর পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাদ আসর ফতেপুর জয়সদন মাঠে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর শোক: রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, সরকারপ্রধান মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে রওশন আরার মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও শোক জানিয়েছে রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফি ও সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল।