নওগাঁর পত্নীতলায় সোমবার সকালে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এতিম শিশুসহ ১শত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় কতিপয় সমাজসেবী ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়। সকাল ১০টায় উপজেলার নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গণে এতিম শিশুদের মঝে কম্বল বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুরু করা হয়। নজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যক্তিত্ব কহর আলী মন্ডল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কর্মসূচীর সূচনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন, মাদ্রাসা পরিলাচনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষক হাফেজ নয়ন হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার পত্নীতলা উপজেলা প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ। এতিম শিশুরা নতুন কম্বল হাতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ যুগান্তর স্বজন সমাবেশেন এ ধরণের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ বিষয়ে পত্নীতলা উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা আবু সাঈদ বলেন, ২০১৯ সালে পত্নীতলায় স্বজন সমাবেশের কমিটি গঠনের পর থেকেই সদস্যদের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিপূর্বে স্বজন সমাবেশের উদ্যোগে উৎসবকালীন খাবার বিতরণ, করোনা ভাইরাসের কারণ আয় হারানো মানুষের মধ্যে খাবার বিতরণ ও শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর মেসার্স হায়দার এন্টারপ্রাইজ, স্পার্ক পাওয়ার লিমিটেড এর আর্থিক সহায়তায় চলতি বছর এতিম শিশু, পথ শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, অসহায় নারী ও পত্রিকা হকারদের মাঝে ১শত পিচ কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরণের কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় যুগান্তর স্বজন সমাবেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। এ ধরণের মানবিক কর্মকান্ড আগামীতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।