‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের ন্যায় পাবনা বেড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ‘স্বপ্নের নীড়’। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রথম পর্যায় গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ গৃহ হস্তান্তর করবেন বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।
বেড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার চাকলা, জাতসাখিনী, রুপপুর ইউনিয়নে তৈরি হওয়া এসব বাড়িতে ২০টি গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটবে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষের সেমিপাকা প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা খরচ ধরে এর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে অল্প কিছু ঘরের কাজ চলমান রয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে গৃহহীনদের মাঝে বিনামূল্যে দূর্যোগ সহনীয় ঘর ও দুই শতক জমি বরাদ্দ দেওয়া হবে।
নির্মাণাধীন ঘরগুলো সার্বিকভাবে তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহযোগিতা দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী জানান, 'সরকার কর্তৃক প্রদেয় এ প্রকল্প অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরাই এ ঘরগুলো পাবেন। ঘর বরাদ্দে কোন ধরনের অনৈতিক ও সুযোগ-সুবিধা না নিতে পারে সে জন্য সঠিকভাবে তদারকি করা হচ্ছে। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও নতুন ঠিকানা পাবে বলেও তাঁরা জানান।’