যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতর নিজেকে আরও বিচ্ছিন্ন করে ফেলছেন, নির্ভর করছেন তার একান্ত অনুগত কয়েকজনের উপর আর সেইসব সহযোগীদের উপর ফুঁসছেন, যারা তার কথার অবাধ্য হওয়ার দুঃসাহস দেখিয়েছেন।
তার সঙ্গে দূরত্ব তৈরি হওয়া সহযোগীদের মধ্যে এখন এমনকী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নামও আছে বলে এ সম্বন্ধে অবগত বেশ কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
বুধবার ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর প্রেসিডেন্টের দীর্ঘদিনের অনেক উপদেষ্টাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন; উল্টাপাল্টা কথা বলে ট্রাম্পই তার সমর্থকদের তাঁতিয়ে দিয়েছিলেন বলেও মনে করছেন তারা।
প্রেসিডেন্টের সঙ্গে সম্প্রতি কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক উপদেষ্টা বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথাই বলতে চাইছেন না।
কংগ্রেসে বাইডেনের জয়ের স্বীকৃতি আটকে দেওয়ার চেষ্টা করতে রাজি না হওয়ায় ট্রাম্প গত কয়েকদিনে ঘনিষ্ঠদের মধ্যে তো বটেই এমনকী জনসমক্ষেও ভাইস প্রেসিডেন্ট পেন্সের কড়া সমালোচনা করেছেন।
“তিনি (ট্রাম্প) পেন্সের বিশ্বাসঘাতকতায় সবচেয়ে বেশি মর্মাহত হয়েছেন এবং কোনোমতেই মেনে নিতে পারছেন না। সারাদিন ধরে তার কথার প্রতিপাদ্য ছিল- আমি তাকে বানিয়েছি, রাজনৈতিক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, আর সে কিনা আমার পিঠেই ছুরি মারছে,” ওয়াশিংটন পোস্টকে এমনটাই বলেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক এক কর্মকর্তা।