অবশেষে সুখবর পাচ্ছেন পাবনাবাসী। প্রায় দুই দশকের অধিক সময় পর চলতি মাসেই চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল। ফলে মাত্র দেড় ঘন্টায় নদী পার হওয়ার আশায় আনন্দিত পাবনাসহ উত্তরাঞ্চলের মানুষ।
অল্পসময়ে ঢাকা যেতে পাবনা,নাটোরসহ উত্তরাঞ্চলের প্রায় ১০টি জেলার লাখ লাখ মানুষ প্রতিনিয়ত এভাবেই ঝুঁকি নিয়ে ট্রলারে চড়ে মানিকঞ্জের আরিচা পারাপার হচ্ছে। তাদের দাবি, বর্তমানে সড়কপথে পৌছাতে যেখানে ছয়-সাত ঘন্টা লাগে সেখানে নদীপথে তিন-চার ঘন্টা সময় লাগে। পাবনাসহ উত্তরাঞ্চলবাসীল এ ভোগান্তির কথা বিবেচনায় প্রায় ২০ বছর পর কাজিরহাট-আরিচা ফেরি রুটটি চালু করতে যাচ্ছে নৌ মন্ত্রণালয়। সেখানে গিয়ে দেখা যায়, ১৪ কিলোমিটার দীর্ঘ পথটির দুই পাড়ের ঘাট তৈরির কাজ প্রায় শেষ। সরকারের এ উদ্যোগে আশায় বুক বাঁধছেন পাবনাবাসী। তবে যমুনা নদীতে ২০ থেকে ২৫ টি চর ও প্রচন্ড নব্য সংকট মোকাবেলা করে রুটটি সচল রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা।