নওগাঁর সাপাহারে গ্রামীণ নারীদের উদ্যোগে নিউ মার্কেটে বাড়ির জিনিস নামক একটি আউটলেটের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন বিডিও, বিএসডিও এবং একশন এইড বাংলাদেশের এর সহযোগিতায় সোমবার বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে এই আউটলেট এর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নূরল হক মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেন, বিএসডিও’র কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান, সমাজসেবক অধীর চৌধুরী, মনোয়ার হোসেন প্রমুখ।
আউটলেট উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, বাড়ির জিনিস মানসম্মত ও নির্ভেজাল পণ্যসরবরাহ করে ভোক্তাদের চাহিদা পূরণের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।
এ বিষয়ে নারী উদ্যোক্তারা জানান, তাদের আউটলেটে গ্রাম পর্যায় থেকে সংগ্রহ করা দুধ, ঘি, দেশি হাঁস-মুরগীর ডিম প্রান্তিক নারীদের তৈরী আচার, পিঠা, আটা, মুডি, ছাতু, হাতের তৈরী নকশি কাঁথা, পাখা, বালিশের কভার, বেড সিড ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যাবে।