পাবনার সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হয়ে হয়ে গেছে। রোববার বিকালে উচ্চ আদালতের আপিল বেঞ্চ ঐ আদেশ খারিজ করে দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্র জানায়। তাছাড়া ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজা খারিজের বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার বর্ধিত শহর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দাবি জানিয়ে বর্তমান পৌর মেয়র আবদুল ওহাব উচ্চ আদালতে রিট করেন। বিজ্ঞ আদালত ঐ রিটের প্রেক্ষিতে গত ১৫ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তপসিল আনুযায়ী আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য ওই পৌর নির্বাচন ৩মাসের জন্য স্থগিতাদেশ দেন। এরইমধ্যে রাষ্ট্রপক্ষের আইজীবী ঐ স্থগিতাদেশ খারিজের জন্য উচ্চ আদালতের আপিল বেঞ্চে আবেদন করেন। রোববার ঐ আবেদনের শুনানী শেষে মহামান্য আদালত রাষ্টপক্ষের আবেদন যথার্থ বিবেচনা করে নির্বাচন স্থগিতাদেশের ঐ রিট খারিজ করে দেন। এদিকে সংশ্লিষ্ট সূত্রে ঐ খবর পৌরসভায় এসে পৌঁছালে নির্বাচনমুখী পৌরবাসী বিকালেই এক আনন্দ মিছিল বের করেন। পৌর ভবন চত্বর থেকে বের হওয়া ঐ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর ভবন চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল জলিল বিশ্বাস, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, কৃষক লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্র লীগের সভাপতি এসএম সোহাগ ও এনএ কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন পৌর মেয়র আবদুল ওহাব উচ্চ আদালতে উদ্দেশ্য প্রণোদিত ঐ রিট করে পৌরবাসীর ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু তার সে ষড়যন্ত্র সফল হয়নি। তিনি পরাজিত হয়েছেন। জয় হয়েছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজার তথা পৌরবাসীর। তবে যে কুচক্রীমহল নির্বাচন কমিশন ঘোষিত আগামী ১৬ জানুয়ারীর ঐ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছেন তাদের শেষ রক্ষা হবেনা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা পৌরবাসীর কাছে তাদের জবাবদিহি করতে হবে।