ঢাকার বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাছলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পলাতক আসামি মহিন উদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।
এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য আসছে ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এর আগে, গেল ২ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পলাতক আসামি মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ১০ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক।
গত বছরের ২০ জুলাই বাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে তাসলিমা বেগম রেনুকে ‘ছেলেধরা’ সন্দেহে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটু।