সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৭ জন। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৬ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৯০ জন।
আজ শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭৪ নমুনা সংগ্রহ ও ১২ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৯০ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জনে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৮ হাজার ৬৫৬ জন। ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন ও ষাটোর্ধ্ব ১২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামের দুজন, খুলনার দুজন ও রংপুর বিভাগের একজন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক শূন্য ১৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এখন পর্যন্ত মোট মৃত সাত হাজার ৫৭৬ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৭৬৪ জন (৭৬দশমিক ০৮ শতাংশ) ও নারী এক হাজার ৮১২ জন (২৩ দশমিক শূন্য ৯২ শতাংশ)।