লালপুরে প্রাকীর্তি ফাউন্ডেশনের ভূমিকায় বন্ধ হলো ২১ বছরের ভিক্ষাবৃত্তি। টগবগে যুবক জার্মান আলী। দুটি পা হারিয়ে তিনি এখন প্রতিবন্ধী। সুন্দর ভাবে জীবন যাপনের ইচ্ছে থাকলেও নিয়তির কারণে তা সম্ভব হয়নি। টেনে কাটা পড়ে দুটি পা হারিয়ে হয়েছেন প্রতিবন্ধী। প্রায় ২১ বছর ধরে ভিক্ষা বৃত্তি করে অতি কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে আসছিলেন তিনি। তাকে জীবন যুদ্ধে সহ্য করতে হয়েছে অনেক জ¦ালা, প্রাকীর্তি ফাউন্ডেশনের সহযোগিতায় এবার একটু স্বস্তির পালা।
ভিক্ষা বৃত্তি কে নিরুৎসাহিত করতে নাটোরের লালপুরে প্রতিবন্ধী ভিক্ষুক জার্মান আলীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে বে-সরকারি উন্নয়ন সংস্থা প্রাকীর্তি ফাউন্ডেশন।
স্থানীয় সুত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের কাশেম মন্ডলের পুত্র জার্মান আলী কৃষি শ্রমিক হিসেবে ১৯৯৯ সালে উত্তরাঞ্চলের হিলিতে ধান কাটতে ট্রেনে চড়ে রওনা হন। টেনে চড়ে যাওযার সময় ট্রেন থেকে পড়ে গিয়ে দুটি পায়ের হাঁটুর নীচের অংশ কেটে যায়। অসহায় হয়ে পড়ে জার্মান আলী, বাধ্য হয়ে জীবন বাঁচাতে ভিক্ষা করতে রাস্তায় নামেন তিনি। প্রায় ২১ বছর ধরে জার্মান ভিক্ষা বৃত্তি করে সংসার চালাতেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে জার্মানকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বে সরকারি উন্নয়ন সংস্থা প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যানের নজরে আসে। তার কর্মসংস্থানের জন্য প্রাকীর্তি ফাউন্ডেশন দোকান ঘর সহ মুদি মালামাল দেয়ার ব্যবস্থা গ্রহণ করে।
বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে নওপাড়া বাজারে দোকান ঘরে মালামাল প্রদান করে আনুষ্ঠানিকভাবে ব্যবসার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হান্নান, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, পরিচালক প্রভাষক আমজাদ হোসেন, প্রভাষক আমিনুল হক টমি, প্রভাষক আশরাফুল ইসলাম লুলু, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক সুলতানুজ্জামান টিপু, সাংবাদিক আবদুর রশিদ মাষ্টার, দৈনিক প্রাপ্তী-প্রসঙ্গের প্রধান সম্পাদক ও লালপুর বার্তার উপদেষ্টা সম্পাদক এ কে আজাদ সেন্টু, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন, মোহরকয়া অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, লালপুর বার্তার সম্পাদক আবদুল মোত্তালেব রায়হান, সাংবাদিক ফজলুর রহমান, মাহবুর রহমান, নওপাড়া হাট কমিটির সভাপতি মাহমুদুর রহমান পলাশ প্রমুখ। এমন সহযোগীতায় জার্মান আলী প্রাকীর্তি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হান্নান প্রাকীর্তি ফাউন্ডেশনের এমন ভূমিকায় সাদুবাদ জানিয়ে বক্তব্য রাখেন।