শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন বর্তমান সরকার শত প্রতিকুলতার মধ্যেও শিক্ষা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনার এই দুঃসময়ের মধ্যেও সরকার নতুন বছরের আগেই প্রতিটি প্রতিষ্ঠানে বই পৌঁছে দিয়েছে। যার জন্য বছরের প্রথম দিনই বিনা মুল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা সম্ভব হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে সুবিন্যস্ত আকারে আশুগঞ্জের তাশহরের আন্দিদিলে হাজী আবদুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু একথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান সাইফুল ইসলাম বাবুল,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুমিনুল ইসলাম প্রমুখ।