আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারাদেশে নয় লাখ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে এসব পরিবারের তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে তাদের গৃহ নির্মাণ করে দেয়া হবে। এই কাজ শেষ হলে দেশে কোন পরিবার আর গৃহহীন থাকবে না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। মুজিব শতবর্ষে সারাদেশে এক হাজার ১৬০ কোটি টাকা ব্যয়ে ৬৫ হাজার ৭২৬টি গৃহ নির্মাণ কাজ এখন শেষের পথে, আগামী ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এসব গৃহ হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার সকালে প্রতিমন্ত্রী পলক সিংড়া উপজেলার মাঝগ্রাম এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন কালে এসব কথা বলেন।
নির্মিতব্য বাড়ির সুফলভোগী গৃহপরিচারিকা চায়না খাতুনের কাছে গেলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ভূমিহীন ও গৃহহীন চায়না খাতুন বাড়ি পাওয়ার আনন্দে কেঁদে ফেলে বলেন, নামাজ পড়ে শেখ হাসিনার জন্যে দো’য়া করবো প্রাণ খুলে।
এসময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন-আল-ওয়াদুদ, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম, এসিল্যান্ট রকিবুল হাসান, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. রুহুল আমিন, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমূখ।
নির্মাাণাধীন এসব গৃহ পরিদর্শন শেষে মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও চৌগ্রামে এক হাজার চারশত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক। এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।