নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মাঝে বুধবার প্রতীক বরাদ্দ দিয়েছে রিটানিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হলেও নতুন পদ্ধতি ইভিএম বিষয়ে পূর্ব ধারণা না থাকায় শঙ্কা প্রকাশ করেছেন বেশির ভাগ ভোটার।
বুধবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটানিং কর্মকর্তা মাহমুদ হাসান। এ সময় তিনি ২জন মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী আসনের ১২জন কাউন্সিলর প্রার্থী ও সাধারণ আসনের ৩৬জন কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। মাইকিং আর পোস্টার সাঁটানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীর সমর্থকরা। চায়ের দোকান আর সড়কের মোড়ে নির্বাচন নিয়ে চলছে আলোচনার ঝড়। প্রার্থীরাও ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও দোয়া নেওয়ার জন্য। ভোট নিয়ে ভোটারদের উৎসাহের ঘাটতি না থাকলেও বাঁধ সেঁধেছে নতুন ভোট পদ্ধতি ইভিএম নিয়ে। অপেক্ষাকৃত বয়স্ক ও পড়ালেখা না জানা ভোটারদের কাছে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ইভিএম। নতুন পদ্ধতি ইভিএম বিষয়ে ভোটারদের ধারণা না থাকা এবং এ বিষয়ে কোন প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
ইভিএমে ভোট দেওয়া নিয়ে কথা হয় এলাকার কয়েকজন পেশাজীবি ও বিশিষ্ট নাগরিকের সাথে। নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. ময়েজ উদ্দিন বলেন, ইভিএমে ভোট এটাই প্রথম। তাই এই পদ্ধতি বিষয়ে ভোটাররা কিছুই জানেনা। নির্বাচন কমিশনের উচিত হবে ভোটারদের ভোটদান পদ্ধতি বিষয়ে শিক্ষা দেওয়া। বীর মুক্তিযোদ্ধা কাজী আক্তার হোসেন তারা বলেন, ভোটের প্রচার প্রচারনা শুরু হলেও এখন পর্যন্ত ইভিএমে কিভাবে ভোট দিতে হবে সে বিষয়ে কোন প্রচার নেই। নির্বাচন কর্মকর্তাদের এ বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার। শিক্ষক আতাউর রহমান আকন্দ জানান, ইভিএম বিষয়ে ভোটাররা অনেকেই জানেনা। বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারণা হওয়া দরকার। শুভ চক্রবর্তী নামে এক ভোটার জানান, নির্বাচন কমিশন যদি প্রশিক্ষন না দেয় তাহলে ভোট দিতে গিয়ে দুর্ভোগে পড়তে হবে। শুনছি ভোটের দুই দিন আগে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া শিখে আসতে হবে। বয়স্ক মানুষ ও অনেক নারীর পক্ষে এটা সম্ভব নয়। এখন থেকে প্রতিদিন প্রোজেক্টরের মাধ্যমে পাড়া মহল্লায় ভোট দেয়ার ভিড়িও দেখানো যেতে পারে।
এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা মো. মাহমুদ হাসান জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের একদিন আগে ইভিএমে ভোট দেয়ার বিষয়ে ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্ব স্ব কেন্দ্রে গিয়ে ভোটাররা প্রশিক্ষণ নিতে পারবেন।