একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি ৩০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২১ ডিসেম্বর দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
অন্যদিকে ২৫ ডিসেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস পালন করা হবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের পর থেকেই বিএনপি সে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করে আসছে। আর আওয়ামী লীগ বলছে ফলাফলে দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এদিকে এর বিরুদ্ধে কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়নি বরং বিএনপি এ নির্বাচনে বিজয়ী তাদের ছয়জনের সাংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন।
অন্যদিকে সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে বিএনপি তাদের প্রার্থী দিচ্ছে, হেরে গিয়ে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলছেন নিয়মিতভাবে। আন্দোলন-সংগ্রামে সক্রিয় না হয়ে কাগুজে বাঘ হয়ে উঠেছে বিএনপি গত দু'বছর।
অন্যদিকে ফাঁকা মাঠে গোল দেয়ার মত সরকারি দল আওয়ামী লীগ তাদের উন্নয়ন ফিরিস্তি আওড়ে যাচ্ছে। দলীয় নেতা-কর্মীদের দুর্নীতি-স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলা হলেও অনেকেই আঙুল ফুলে কলাগাছ হয়ে নির্বিবাদে রয়েছেন। অভিযোগ রয়েছে নব্য আওয়ামী লীগের জয় জয়াকার চলছে এখন দলের ভেতর। অন্যদিকে কেন্দ্রীয় নেতা থেকে আঞ্চলিক গ্রাম্য বিএনপি নেতারা নানা মামলা-মোকদ্দমা ঘরছাড়া। কিছু নেতা গুম হয়েছেন বলে বিএনপি অভিযোগ করে আসছে।
কার্যত আইনের খড়গের কারণে বিএনপি নেতারা মাঠে নামতে পারছেন না। বৃহত্তর আন্দোলন সংগ্রাম তারা সরকারের বিরুদ্ধে করতে পারছেন না। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেফতার ও কারাগারে থাকাকালে তার মুক্তির জন্য মুখে বড় বড় কথা বললেও কার্যকর কিছু করতে পারেননি নেতারা। শেষ পর্যন্ত আইনের ফাঁক-ফোকর দিয়ে নয় সরকারের করুণায় নির্বাহী আদেশে বলে তাকে মুক্তি পেতে হয়েছে।
২০১৮ সালের নির্বাচনের পর আন্দোলন সংগ্রামের সুযোগ থাকলেও বিএনপির সেটা কাজে লাগাতে পারেনি। এ বছরের শুরুতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে রাজনীতির মাঠে শুধু নয় শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্যসহ সবকিছুতেই স্থবিরতা নেমে আসে।ফলে সরকার কি করছে বিরোধী দল কি বলছে এসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া লক্ষ করা যায় না।সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছেন। বক্তৃতা-বিবৃতি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দলীয় কর্মসূচি ঢিমেতালে চললেও জনগণকে সম্পৃক্ত করে কার্যকর কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।
প্রচলিত ধারণায় বাংলাদেশে ডিসেম্বর মাসে শীতের মধ্যে রাজনৈতিক উত্তাপ দেখা গেলেও এবার তার কোনো লক্ষণ নেই। সরকারি দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের করণীয় অভ্যন্তরীণ সম্মেলন, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করা ছাড়া কোনো কর্মসূচি গ্রহণ বা পালন করেনি বা পালন করা সম্ভব হয়নি।
আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে বলেছেন বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই। বিএনপির যে কোনো কর্মসূচি তারা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে। বিএনপি রাজনীতিতে আন্দোলন-সংগ্রাম করার পথ ভুলে গেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটি মতলববাজ মহল দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা দিনের আলো রাতের অন্ধকার দেখতে পাচ্ছে তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।
সে সময় বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা বাধাগ্রস্থ করতে এবং গণতন্ত্রকে খুন করে ফেলতে চেয়েছিল। জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে বলে গোটা বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার দেশকে বিএনপি শূণ্য করতে চায়।
সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে বিভিন্ন মামলায় আদালত ব্যবহার করছে। পর্যবেক্ষক মহল বলছে, বিএনপির মুখ রক্ষার জন্য ৩০ শে ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।তবে কর্মসূচি কতটা সফল করতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তাছাড়া পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষায় অনেক স্থানেই বিএনপিকে রাজপথে দাঁড়াতেই দিবেনা।
অন্যদিকে বিজয় দিবসের অনুষ্ঠান সফল ও সার্থক হয়ে উঠবে।সাধারণ জনগণ আওয়ামী লীগের বা বিএনপির কোনো কর্মসূচিতে অংশ নেবে না। দলীয় নেতাকর্মীদের দ্বারাই অনুষ্ঠান সফল করা হবে। তারপরও তাদের তাদের নিয়েই অনুষ্ঠিত হবে গোষ্ঠ সেদিন কী ঘটবে তা দেখার জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।