সারিয়াকান্দির ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা সোনাপুর গ্রামে দিনমজুরের বসতবাড়ী সু-কৌশলে দলিল করে নেয়ার পর দখলের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। সু-বিচারের আশায় দিনমজুরের স্ত্রী বগুড়া সারিয়াকান্দি থানা সহকারী জজ আদালতে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, জোড়গাছা সোনাপুর গ্রামের দিনমজুর ছামছুল মিয়া নদী গর্ভে জমি জমা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছিলেন। তবে প্রায় ২৬ বছর আগে কষ্টে-শিষ্টে, খেয়ে না খেয়ে দক্ষিণ জোড়গাছা মৌজায় সিএস খতিয়ান নং- ৫৭৮ এর ৪শতাংশ জমি ক্রয় করেন। জমিটি বগুড়া চন্দনবাইশা সড়কের ধারে হওয়ায় জমি এখন মূল্যবান সম্পত্তিতে পরিণত হয়েছে। কিন্তু পাশ্বের প্রভাবশালী গাজী মাষ্টার ও তার লোকজনের কুনজর পড়ে ওই জমিটির ওপর। এ কারণে ৫/৬ বছর পূর্বে দায়ের করা অন্য একটি মামলার আপোষ-মিমাংসার কথা বলে, স্টাম্পের বিভিন্ন স্থানে টিপসহি নেয়। চক্রান্তের কথা জানতে পেরে অসহায়, হতদরিদ্র, দিনমজুরের স্ত্রী বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে। বুধবার দুপুরে চাঁনমনি সাংবাদিকদের জানান, বর্তমানে প্রভাবশালী মহলের লোকজন বাড়ীটি উচ্ছেদ করে দখলের জন্য পায়তারা করছেন। এবং এ ব্যাপারে দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য প্রভাবশালী মহল চাপ দিচ্ছেন। তিনি প্রভাবশালী মহলটির পায়তারা বন্দে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।
এব্যাপারে, মামলার বিবাদীদের গাজী মাষ্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতে হাজির হওয়ার জন্য আজ আমরা নোটিশ পেয়েছি। তবে অভিযোগটি সঠিক নয়। আমাদের করুনায় সে ওই জায়গায় বসবাস করছে।