বগুড়ার আদমদীঘিতে ভারতীয় ফেন্সিডিলসহ মনিরুজ্জামান মনি (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যা। মনিরুজ্জামান মনি লালমনিরহাট সদরের ওয়ারলেছ কলোনীর জুলফিকার আলী ভুট্টুর ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘির অদুরে মেসার্স ইত্তেহাদ প্লাষ্টিক কারখানার নিকট ঢাকাগামী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় বুধবার সকালে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন জানায়, নওগাঁর নজিপুর থেকে ঢাকাগামী দূর পাল্লার একটি কোচে মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার সন্ধ্যার পর নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘির অদুরে মেসার্স ইত্তেহাদ প্লাষ্টিক কারখানার নিকট বিভিন্ন যাত্রীবাহি বাস তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। রাতে নজিপুর থেকে ঢাকাগামি ঢাকা মেট্রো-ব-১৪-২১৩৬ নম্বর কোচ তল্লাশিকালে ই-২ নম্বর আসনে বসা মনিরুজ্জামান মনির হাটুর ফাঁকে রাখা ট্র্যাভেল ব্যাগ খুলে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে মনিরুজ্জামান মনি কে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।