পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে দুইজন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩জনসহ মোট ৪৩জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রওশন আলী ঐ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় ঋণ খেলাপির দায়ে কেবল ৯নং ওয়ার্ডের একজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মেয়র পদে যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজা এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হুদা কামাল বিশ্বাস। উল্লেখ্য আগামী ১৬জানুয়ারী ঐ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।