নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নাইম হোসেন (২৩) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর রাত তিনটার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের লাতুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম হোসেন কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার ডিবিনগর মন্ডলপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। সে ট্রাকের হেলপার হিসাবে দায়িত্বপালন করছিল।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, ভোর তিনটার দিকে ঢাকা থেকে নাটোরগামী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবোঝাই বিকল একটি ট্রাককে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার নাইম হোসেন ঘটনাস্থলেই নিহত ও দুই গাড়ির আরো তিন চালক হেলপার আহত হন। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।