রাজশাহী মহানগরীতে সোয়া চার কোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনসহ তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) ও তার সহযোগী রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি (৩০)।
এ তথ্য নিশ্চিত করে সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে র্যাব- এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি প্যাকেটে থাকা ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের শেষে সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।