ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় রোববার (২০) ডিসেম্বর) বিকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুর মোহাম্মদ (৫৩) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাতে নিহতের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। রাতেই তদন্ত কর্মকর্তা এস আই আঃ মান্নান অভিযান চালিয়ে তারিকুল ইসলাম (২০) রাকিব (১৯) দুইজনকে গ্রেফতার করেন।
এলাবাসী জানায়, নুর মোহাম্মদের জ্যাঠাত ভাই আবদুল কুদ্দুছ গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। একমাস আগে নুর মোহাম্মদকে প্রাণ নাশের হুমকি দিয়ে আবদুল কুদ্দুছ তাদের দুই ভিটার মাঝখান দিয়ে বেড়া দিয়ে দেন। এতে নুর মোহাম্মদ অবরুদ্ধ হয়ে পড়লে বাড়ি ছাড়েন।
রোববার বিকেলে থানায় গিয়ে পুলিশের সহযোগিতায় নিজের বাড়িতে গিয়ে ওঠেন তিনি। পরে পুলিশ কুদ্দুছকে ঝামেলায় না জড়ানোর পরামর্শ দিয়ে নুর মোহাম্মদকে তাদের ঘরে রেখে আসে। এর ৩০ মিনিট পরই দেশীয় অস্ত্র দিয়ে নুর মোহাম্মদের উপর হামলা করেন আবদুল কুদ্দুছ গং। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। পথে নুর মোহাম্মদের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মানিক কুমার দে বলেন, ‘রোগী হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন। তার মাথায়, ঘাড়ে ও পিঠে মারাত্মক আঘাত ছিল।’
ফুলবাড়িয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোহা. আজিজুর রহমান বলেন, ‘তারা যেন মারামারি না করে সে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু আধাঘণ্টার মধ্যে তারা ঘটনাটি ঘটনায়। দুইজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামীদের গ্রেফতার চেষ্ঠা অব্যহত রয়েছে।