বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আলোচিত ব্যবসায়ী মেসার্স রাজা এন্টার প্রাইজের মালিক উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম রাজার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে এজাহার দায়ের করার জন্য অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদুক) প্রধান কার্যালয়। আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা সান্তাহার শহর সংলগ্ন সান্দিড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে বর্তমানে সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকার বাসিন্দা। এই রাজার বিরুদ্ধে বিসিআইসি’র প্রায় ১৬৪ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা আরো দুই মামলা বগুড়ার আদালতে বিচারাধীন রয়েছে। তিনি ওই মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আইয়ুব আলী খান স্বাক্ষরিত মামলা দায়ের সংক্রান্ত অনুমোদন পত্রে উল্লেখ করা হয়েছে যে ওই রাজা’র বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারার অপরাধে মামলা (এজাহার) দায়েরের কার্যকর ব্যবস্থা গ্রহন এবং মামলা রুজু করার পর এজাহারের কপি, তদন্তকারী ও তদারককারী নিয়োগের পত্র প্রেরনের জন্য দুর্নীতি দমন কমিশন সমম্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালককে বলা হয়েছে।