করোনার দ্বিতীয় ঢেউ সারাবিশ্বেই জোরালো হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সরকারকে ও প্রশাসনকে এ ব্যাপারে সর্বত্র প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে করোনা ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে মন্ত্রিসভাকে অবহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রথম দফায় তিন কোটি ভ্যাকসিন এবং মে-জুনের মধ্যে আরও ৬ কোটি ডোজ ভ্যাকসিন আসবে। মোট সাড়ে চার কোটি মানুষের জন্য নয় কোটি ভ্যাকসিন আসবে।
এদিকে একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ ইলাবোরেট ও সংক্ষিপ্ত দুটোই আনা হয়েছে।