হাঁস পালনে স্বাবলম্বী হয়েছেন কিশোরগঞ্জের মহিনন্দের মাহবুব। আমাদের দেশে হাঁস পালন একটি লাভজনক পেশা। হাঁস পালন করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হচ্ছেন। কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গয়ালাপাড়া এলাকার বেকার শিক্ষিত-দরিদ্র মাহবুবুর রহমান। বর্তমানে তিনি হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন। সংসারে এনেছেন স্বচ্ছলতা। মুক্তি পেয়েছেন আর্থিক দৈন্যতা থেকেও।
কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতার ফলে যে কোনো কাজে যে কেউ স্বাবলম্বী হতে পারেন বলে প্রমাণ করেছেন মাহবুব।
মাহবুব আগামীতে তার খামারটা আরও বড় করার জন্য চেষ্টা করছেন। মহিনন্দের অনেক দরিদ্র পরিবার হাঁস পালনের মধ্য দিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন, তাদের হয়েছে দিন বদল।
কিছুদিন আগেও মাহবুবের পরিবারে দারিদ্রতা ছিল নিত্যসঙ্গী। কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদীর পরামর্শক্রমে ২০১৮ সালে অপ্রাতিষ্ঠানিকভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বাড়ির আঙ্গিনায় হাঁস পালন শুরু করেন। অল্প হাঁস দিয়ে খামার শুরু করলেও পর্যায়ক্রমে আরও তা বৃহত আকারে করার পরিকল্পনা রয়েছে তার।
মাহবুব জানান, দেশে বিভিন্ন জাতের হাঁস থাকলেও বা পালন করা হলেও অধিক ডিম উৎপাদনকারী খাকী ক্যাম্বল জাতের হাঁস পালন করে তিনি অধিক লাভবান হচ্ছেন।
মাহবুব বলেন, নীলগঞ্জ বাজার থেকে একদিনের প্রতিটি বাচ্চা ৩৫ টাকা করে কিনে আনেন। পরিবহনসহ প্রতিটি বাচ্চার পেছনে প্রথম দিনেই খরচ হয় ৩৮ টাকা করে। অল্প জমিতে অল্প হাঁস দিয়ে খামার করে তিনি স্বাবলম্বী।
গ্রামবাসীরা জানান, কিছুদিন আগেও মাহবুবের সংসারে অভাব-অনটন ছিল, কিন্তু হাঁসের খামার করার পর তার অভাব দূর হয়েছে। সংসারে স্বচ্ছলতা ও জীবনে সফলতা এসেছে।
কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী বলেন, মাহবুব এইচএসসি পাস করে যখন বেকার জীবন যাপন করছিলেন তখন তাকে আমি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমার সংগঠনের উদ্যোগে এলাকার ৩০জন বেকার যুব নারী ও যুব পুরুষকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করি। প্রশিক্ষনলব্দ জ্ঞান কাজে লাগিয়ে হাঁস পালনে উৎসাহিত হয়। হাঁস পালনের পাশাপাশি সে করিমগঞ্জ পলিটেকনিক কারিগরি কলেজে অধ্যায়নরত রয়েছেন। পড়ালেখার অবসরকালীন সময়ে বাড়ির আঙ্গিনায় হাসের খামার স্থাপন করে বেকার জীবন যাপনের ঘাটতি লাঘব করে চলেছেন।