রাজশাহী পুঠিয়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলী জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। এক শ্রেণীর মৎস্য ব্যবসায়ীরা উপজেলা প্রশাসন ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বিশেষ সুবিধা দিয়ে স্কেভেটরের মাধ্যমে রাতারাতি পুকুর খননের কাজ করছে। আগামীতে এই এলাকায় ফসল ফলানো জমির সংকট দেখা দেবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, কৃষি জমিতে পুকুর খনন বন্ধ করতে গত দু’বছর আগে জনস্বার্থে মহামান্য হাইকোর্টে ২৪৭৬/২০১৯ নম্বরে একটি রীট আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ১০/০৩/২০১৯ ইং কৃষি জমির শ্রেণী পরিবর্তন বা পুকুর খনন না করতে আদেশ দেন। পাশাপাশি কোথাও পুকুর খননের কাজ করলে উপজেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়। এরপর পুকুর খনন বন্ধে পুঠিয়া উপজেলা প্রশাসন গত ২০১৯ সালের ২৮ মার্চ একটি স্বারকে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে পুকুর খনন শুরু করছে মৎস্য ব্যবসায়িরা। গত কয়েক দিন থেকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়ার বিলে ১১ জন কৃষকের ৫২ বিঘা ফসলি জমিতে পুকুর খনন কাজ শুরু হয়েছে। একই ইউনিয়নের জগপাড়া গ্রামের প্রভাবশালী মৎস্য ব্যবসায়ি তৌহিদুল হক এই বিশাল পুকুর খনন করছেন। স্থানীয়রা অভিযোগ দিলে উপজেলা প্রশাসন কিংবা থানা পুলিশ পুকুর খননের কাজ বন্ধ করে দিচ্ছেন। তারপর কয়েক দিন বন্ধ থাকার পর পূর্ণরায় আবার খনন কাজ শুরু হচ্ছে। উপজেলায় কোনো পুকুর খনন দীর্ঘ দিন যাবত বন্ধ হয়ে থাকছে না। কয়েকটি পুকুর আবার বিলে বৃষ্টির পানি প্রবাহের স্থলে খনন করার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার বেশীর ভাগ সাধারন কৃষক বিলে পানি বন্দি থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার ফসলহানী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেখা গেছে, বেশীরভাগ খননকৃত পুকুর গুলো ধান চাষের উপযোগী কিংবা বিভিন্ন বিলের নীচু জমিতে। অনেক স্থানে বর্ষা মৌসুমে বিলের পানি প্রবাহের গতিপদে পুকুরের বাঁধ নির্মাণ করা হয়েছে। পুকুর খননকারীরা প্রথমে কৌঁশলে ফসলী জমিতে এলাকার শ্রমিক দিয়ে পুকুর খননের পাড় বেঁধে নিচ্ছেন। তারপর পুকুর সংস্কার করার নামে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করে পুকুর খননের কাজ সম্পন্ন করছে। পুকুর খননকারীরা রাজনৈতিক নেতাদের দ্বারায় উপজেলা প্রশাসনকে চাপ দিলে তারা ঢিলেঢালা ভাবে পুকুর খননের ওপর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। এই এলাকায় হাইকোর্টের পুকুর খননের ওপর নিষেধাজ্ঞা রযেছে। তারপর জমির শ্রেনী পরির্বতন না করে ফসলী জমিতে পুকুর খননের কাজ করছে। সংশ্লিষ্ট এলাকাবাসীদের অভিযোগ, উপজেলা প্রশাসন এবং থানা পুলিশকে টাকা না দিয়ে, কেউ পুকুর খনন করার নজির নেই। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একজন কর্মকর্তা বলেন,পুঠিয়া-দুর্গাপুরের এক প্রভাশালী ব্যক্তি পুকুর খনন করে দেয়ার কথা বলে। পুকুর খননকারীদের নিকট হতে একটি পুকুর প্রতি ১ লাখ টাকা তাকে দিতে হবে। তারপর স্থানীয় জনপ্রতিনিধিদের অবৈধ পুকুর খননের চাপতো রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, আমি এই মুর্হুতে পুকুর খনন করার এলাকাগুলোতে যাচ্ছি। অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ পুকুর খনন করার জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা মামলা করলে, আমরা তাদের সহযোগিতা করব।