খুলনার পাইকগাছায় ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদে বার বার জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। গত ১৭ই ডিসেম্বর বৃহষ্পতিবার রাত ১১টার পরও জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখা যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের ব্যবসায়ী আক্তারুল গাজী জানান, ইউনিয়ন পরিষদের জাতীয় পতাকা না নামানোর ঘটনা একের পর এক ঘটেই চলেছে। এ পর্যন্ত তার কোনো প্রতিকার হয়নি। এ বিষয়ে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ শেখ জাকির হোসেন লিটন বলেন, এটাই প্রথম না, ইতি পূর্বে ৪বার জাতীয় পতাকা সময়মত না নামানোর ঘটনা ঘটেছে। আমরা দায়িত্বরত গ্রাম পুলিশের বিরুদ্ধে শোকজ ও রেজুলেশন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রসঙ্গে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবদুর রাজ্জাক মলঙ্গী জানান, জাতীয় পতাকার প্রতি আন্তরিকতার অভাব। জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। জাতীয় পতাকার প্রতি ভালোবাসা না থাকলে এমনটা ঘটে থাকে। বর্তমান ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, আমি গত বৃহষ্পতিবার খুলনায় মিটিং এ ছিলাম। জাতীয় পতাকা নামানোর দায়িত্ব ছিল গ্রাম পুলিশ আবদুল মালেক এর উপর। জাতীয় পতাকা সময়মত না নামানোর অপরাধে তাকে শোকজ করা হবে। শোকজের জবাব দিলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে। এ বিষয়ে আমি ইউএনও স্যারের সাথে কথা বলেছি। ইতি পূর্বে জাতীয় পতাকা না নামানোর ঘটনায় গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় পতাকা সময়মত না নামানো শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য দায়িত্ব প্রাপ্ত গ্রাম পুলিশকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।