রাজশাহীর চারঘাটে দিন দিন জনপ্রিয় হচ্ছে তথ্যের সম্ভার নিয়ে আসা তথ্য আপার উঠান বৈঠক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এবং উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে এ উপজেলার বিভিন্ন গ্রামে মহিলাদের বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, করোনা সচেতনতাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক এর লক্ষে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপজেলার চারঘাট ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতিমা খাতুনের সভাপতিত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিয়তি রানী কৈরী, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতিমা খাতুন জানান, গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্যকেন্দ্রে এসে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবাসমূহের সহজলভ্যতা নিশ্চিতকরণ, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স, বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার ও কৃষি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে উপজেলা তথ্যসেবা কেন্দ্র।
তিনি আরো জানান, প্রতিদিনই উপজেলার কোনো না কোনো গ্রামে গিয়ে ঐ এলাকার মহিলাদের মাঝে ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে উপজেলা তথ্যসেবা কেন্দ্র। এছাড়াও অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের জন্য সমাজের বিভিন্ন অসঙ্গতিমূলক কাজে প্রশাসনকে সহযোগিতা করাসহ বলিষ্ঠ ভূমিকা পালন করায় উপজেলার বিভিন্ন এলাকার মহিলাদের পুরস্কৃত করা হয়।
তথ্য আপা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তথ্য আপা প্রকল্প নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নকে আরো ত্বরান্বিত করবে। আর এ সেবাগুলো মহিলাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় সরকার এ তথ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে।