মহান বিজয় দিবস উপলক্ষে ঝাড়ুর হাতলে বেঁধে জাতীয় পতাকা উত্তোলন করার ঘটনায় মনিরামপুর সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামান এবং গার্ড জাহাঙ্গীর হোসেনকে (আনছার সদস্য) প্রত্যহার করা হয়েছে। ব্যাংকটি পরিচালনার জন্য একই দিনে শাখা ব্যবস্থাপক হিসেবে তৌহিদুর রহমান নামে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনালী ব্যাংক খুলনা অঞ্চলের মহা-পরিচালক (জিএম) এবং যশোর অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) যৌথভাবে মনিরামপুর শাখায় উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা পত্র গ্রহন করেন।
যশোর অঞ্চলের উপ-মহা-পরিচালক শফিকুল ইসলাম জানান, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সকালে মনিরামপুর সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামান সঠিক সময়ে ব্যাংকে উপস্থিত না হয়ে দায়িত্ব পালনে অবহেলা করে গার্ডকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করার অপরাধে দুইজনকেই প্রত্যহার করা হয়েছে। তিনি আরো জানান, সোনালী ব্যাংক খুলনার মহা-ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম-এর উপস্থিতিতে বৃহস্পতিবার মনিরামপুর শাখায় তদন্ত কার্যক্রম চলে।
তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর খুলনা বিভাগীয় কর্মকর্তার উপস্থিতিতে মনিরামপুর শাখা ব্যবস্থাপককে স্ট্যান্ড রিলিজ করে যশোর জোনাল অফিসে ক্লোজ করা হয়েছে। এমনকি শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামানকে সাময়িক বহিস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহন করা হচ্ছে। অপর দিকে গার্ড (আনছার সদস্য) জাহাঙ্গীর হোসেনকে চাকরি থেকে প্রত্যহার করে তাদের ডিপার্মেন্টে পাঠিয়ে দেয়া হয়েছে। করোনাকালীন সময়ে জনগনের হয়রানি লাঘবে ব্যাংকটি পরিচালনার জন্য একই দিনে শাখা ব্যবস্থাপক হিসেবে তৌহিদুর রহমান নামে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ঝাড়-র হাতলে বেঁধে জাতীয় পতাকা উত্তোলনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম, পরদিন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার দিন সকাল পনে নয়টার দিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।