রাজশাহী পুঠিয়ায় চাঞ্চল্যকর ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে হত্যা মামলা তিনমাসেও থানা পুলিশ মুল আসামীদের আটক করতে পারেনি। অশাহোয় হতদরিদ্র পরিবারটি বলছে, আমাদের টাকা না থাকার জন্য হত্যাকান্ডের সঠিক বিচার হয়তো পাব না। নিহতের স্ত্রী ও হত্যা মামলার বাদী নারগিস বেগম বলেন, আমাদের ৫জন সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল আমার স্বামী। বর্তমানে ছোটছোট ছেলে-মেয়েদের খাবার যোগান করতে আমার নাভিশ্বাস হয়ে উঠেছে। তার উপর স্বামী হত্যা মামলার খোঁজ কিভাবে নেব? আমরা খুব গরীব মানুষ, আল্লাহর কাছে বিচার দিলাম তিনি খুনিদের বিচার করবেন। আমাদের টাকা নেই। তাই হত্যাকান্ডের সঠিক বিচার হয়তো পাব না। নিহতের প্রতিবেশী পুঠিয়া পৌর আ.লীগের সভাপতি আবু বকর বলেন, নিহত ট্রাক চালক আবু তালেবের পরিবারের পাশাপাশি আমরাও এই হত্যাকান্ডের সঠিক বিচার চাই। কিন্তু থানা পুলিশের তদারকি ও মামলার অগ্রগতি খুবই রহস্যজনক। ঘটনার দিন পুলিশ ৫ জন আসামীকে আটক দেখিয়ে তাদের দ্বায় শেষ করে চুপচাপ বসে রয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে আবু তালেব মাল বোঝাই ট্রাক নিয়ে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে পুঠিয়া সদরের দিকে আসছিল। পথে তাহেরপুর এলাকায় আসামাত্র ট্রাকের চাপায় ছাগল মারা যায়। এ ঘটনায় ওই এলাকার ২০/২৫ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় আটক করে। সে সময় হেলপার পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করলেও তারা ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন ট্রাক চালক আবু তালেবকে মুমূর্ষ অবস্থায় পুঠিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ট্রাক চালকের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নামে ও আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় ৫ জনকে আটক করেছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, আমরা আসামীদের আটক করার চেষ্টা করছি। আসামিরা বর্তমানে এলাকার বাহিরে রয়েছে।