দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্নের পর বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক ভার্চূয়ালি আলোচনা সভা ও বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল এম পি। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে রিদি তুস্ সাবা ও দ্বিতীয় রুপন্তি রায় তুষ্টি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এম পি বলেন, ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রতি অনুকম্পার কোনো সুযোগ নেই, বিজয়ের এই দিনে দীপ্ত শপথ হোক মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে রাজাকারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার।যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে তারা বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব ও সংবিধানের উপর আঘাত করে। স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যারা আঘাত করে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না, তাদের এ দেশে থাকবার কোন অধিকার নেই। ৭৫ পরবর্তীতে যাদের পুনর্বাসন দিয়ে জিয়াউর রহমান বাংলার মাটিকে কলঙ্কিত করেছিল আজ সেই কলঙ্কমুক্তির একটি সুযোগ এসেছে। সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি উগ্র সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ডালিম সরকার ,উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি প্রমূখ।