চার দিন ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আকাশে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। কাবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ জন। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের খেটে খাওয়া মানুষজন নিদারুণ কষ্টে দিন পার করছেন। চলতি শীত মৌসুমের শুরুতে এ রকম কনকনে ঠান্ডা সাধারণ মানুষের জীবন যাত্রা অসহনীয় করে তুলছে। গত বুধবার ভোর হতে শনিবার বিকাল পর্যন্ত সুন্দরগঞ্জের আকাশে সূযের আলো দেখা যায়নি। ঘন কুয়াশাযুক্ত আবহাওয়া কৃষক-কৃষাণীদের চরম ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। ধান শুকানোসহ নানাবিধ কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার কারণে চাষাবাদের কাজ-কর্ম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন রবি ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। আলুর আবাদ রয়েছে হুমকির মুখে। এ ছাড়া বোরো বীজতলায় সদ্য গজানো চারাগুলো শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অসহায় ও নিঃস্বরা খর-কুটোয় আগুন দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের কারণে ফুটপাতের পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভির দেখা যাচ্ছে। কিন্তু গরম কাপড়ের দাম ক্রেতাদের হাতের নাগালের বাইরে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীত জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারিভাবে সাত হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে এবং তা বিতরণ শেষ পর্যায়ে।