বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১২ ডিসেম্বর) রাত ১২ টার দিকে বুড়ইল ইউনিয়নের হাটগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
ক্ষতিগ্রস্থ আবদুল হাকিম ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চল আফুছাগাড়ি (হাটগাড়ি) গ্রামে কৃষক আবদুল হাকিমের বাড়ি। তিনি পেশায় একজন কৃষক। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ১০-১২ জনের মুখোশ পরা একদল ডাকাত কৃষক আবদুল হাকিমের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রড দিয়ে বেদম মারধর করে ডাকাতেরা।
একপর্যায়ে ঘরের বাক্স ভেঙে নগদ ৩০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও প্রায় ১ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এ সময় প্রতিবেশীরা উপস্থিতি টেরপেয়ে ওই বাড়িতে ছুটে গেলে ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকা নিয়ে দৌড় দেয়। তখন এলাকাবাসী ধাওয়া করে আইয়ুব আলী (৩৫) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ওই গ্রামে গিয়ে আহত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে দেশিও একটি পিস্তল, এক রাউন্ড গুলি, হাসুয়াসহ বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করে।
পুলিশ জানায়, আইয়ুব আলীর বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে। তিনি দুর্র্ধষ ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে নন্দীগ্রাম থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-দায়িত্বপ্রাপ্ত) আবদুর রশিদ সরকার বলেন, পিস্তুল,গুলিসহ ডাকাতি দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে তথ্য বের করে অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হবে।