দিনাজপুরের ফুলবাড়ী হিন্দু সম্প্রদায়ের নির্ধারিত শ্মশানের জায়গায় টয়লেটের টেঙ্কিসহ বিদ্যালয়ের স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠেছে।
পৌর এলাকার সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে অবস্থিত শ্মশান মন্দিরের জমিতে বিদ্যালয়ের স্থাপনা নির্মাণকাজে বাঁধা দিয়ে শনিবার শ্মশানের রেকর্ডিও জমির অংশ দখলে নিয়ে নিয়েছেন শ্মশান কালী মাতার মন্দির পরিচালনা কমিটি।
শ্মশান কালী মাতার মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপু প্রামাণিক জানান, সুজাপুর মৌজার সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে দাগ নং ৬৫৪, জেএল নং ৪৮ এবং খতিয়ান নং ৪, ৫, ৬, ৭ ও ৯ এ শ্মশান কালী মাতা মন্দিরের নামে ৫৪ শতাংশ জমি রয়েছে। কিন্তু বিদ্যালয় কৃর্তপক্ষ শ্মশান কালী মাতা মন্দির পরিচালনা কমিটিকে কোন প্রকার অবগত না করেই বিভিন্ন সময়ে একের পর এক স্থাপনা নির্মাণ করে চলেছেন। শ্মশান কালী মাতা মন্দির থেকে ছোটযমুনা নদী দূরে হওয়ায় হিন্দু সম্প্রদায়ের পূর্ব পুরুষরা সেখানেই মরদেহ সমাহিত করতেন। দীর্ঘদিন থেকে শ্মশান কালী মাতা মন্দিরের জায়গাটি ব্যবহৃত না করার সুযোগে স্কুল কর্তৃপক্ষ নিজ খেয়ালখুশি মতো হিন্দু সম্প্রদায়ের কবরের ওপর টয়লেটের ট্যাঙ্কি নির্মাণ করেছেন। নির্মাণ কাজে মন্দির কমিটির লোকজন বাধা দিলে বিষয়টি নিয়ে এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার মহোদয়ের মধ্যস্ততায় হিন্দু সম্প্রদায়কে শ্মশান কালী মন্দির নির্মাণের জন্য পার্শ্ববর্তী চাঁদপাড়া জায়গা নির্ধারণ করা হয়। কিন্তু চাঁদপাড়ার ওই জায়গাটি দীর্ঘদিন থেকে চেষ্টা করেও দখলদারের কাছ থেকে দখল নিতে পারেননি মন্দির কমিটি। এতে এলাকার হিন্দু সম্প্রদায়ের মরদেহ সমাহিত করা নিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ কারণে শ্মশান কালী মাতার নামীয় জমিটিতে স্কুল কর্তৃপক্ষ পানির ঘর নির্মাণ কাজ শুরু করলে শ্মশান কালী মন্দির কমিটির সহ-সভাপতি খোকন মহন্ত, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত, সহ-সাধারণ সম্পাদক নিরঞ্জন বর্মন, সুজন সরকার, রতন চক্রবর্তীসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোকজন বিদ্যালয়ের পানির ঘর নির্মাণ কাজ বন্ধ করে নিয়ে নিজের শ্মশান মন্দিরের জায়গা দখলে নিয়েছেন।
সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী দুলাল জানান, ওই জমিতে পূর্বের প্রধান শিক্ষক টয়লেটের টেঙ্কি নির্মাণ করেছিলেন। তখন শ্মশান মন্দির কমিটি বাঁধা দেননি। ওয়াশ ব্লক নির্মাণ কাজের সময় মন্দির কমিটি বাঁধা দিলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে জাতীয় সংসদ সদস্য মহোদয় বৈঠক করে চাঁদপাড়ায় শ্মশান কালী মন্দিরের জায়গা নির্ধারণ করে দেন। কিন্তু সেই জায়গা দখলে নিতে না পারায় মন্দির কমিটির লোকজন পুনরায় বিদ্যালয়ের পানি ঘর নির্মাণ কাজে বাঁধা দিয়ে জায়গাটি দখলে নিয়ে ভিত্তি দিয়েছেন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ কারণে পুলিশ ঘটনাস্থলে এসে মন্দির কমিটির ভিত্তির কাজ বন্ধ করে দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিকে জানানো হয়েছে। একই সাথে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
ফুলবাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, বিয়ষটি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানোসহ ইউএনওকে অবগত করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি জেনেছি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।