দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিনটি ধানসহ খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার রাত ১১ টায় ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার সাহাবাজপুর উত্তর ও দক্ষিণপাড়া গ্রামে।
সাহাবাজপুর উত্তরপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত ধানসহ খড়গাদার মালিক মোস্তাফিজুর রহমান বলেন, গত শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে আকস্মিকভাবে ১৩ বিঘা জমির সুগন্ধি ধানসহ খড়ের গাদায় আগুন ধরে যায়। আগুন ধরার কিছুক্ষণের মধ্যে পুরো ধানসহ খড়ের গাদার চতুর্দিকে আগুন জ¦লে উঠে। স্থানীয়দের সহায়তাসহ ফুলবাড়ী থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনার মাত্র ১০ মিনিটের পরেই ১১ টা ১০ মিনিটের দিকে গ্রামের দক্ষিণ পাড়ার আবদুল কাদেরের সুগন্ধি ধানসহ খড়ের গাদায় এবং আফজাল হোসেনের খড়ের গাদায় আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ থেকে ধারনা করা হচ্ছে শত্রুতা করেই দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে ধানসহ খড়ের গাদায় আগুন দিয়েছে।
সাহাবাজপুর দক্ষিণ পাড়া গ্রামের আবদুল কাদের বলেন, তার ৬ বিঘা সুগন্ধি এবং ৩ বিঘা জমির স্বর্ণা ধানসহ খড়ের গাদায় আগুন লাগার কারণে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। একইভাবে আফজাল হোসেনের খড়ের গাদায় আগ্নিকান্ডের জন্য তাঁর ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ফুলবাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।