বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী নীলফামারীর ডিমলায় উপজেলা আওয়ামীলগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার ডিমলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনের দাবীতে সারাদেশের ন্যায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি উপলক্ষে আওয়ামী লীগের একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, যবলীগের আহ্বায়ক শৈলেন চন্দ্র রায়, যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা এইচএম ফিরোজ। এ ছাড়া সরকারী ঘোষনা অনুযায়ী সারাদেশের ন্যায় ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউএনও জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস প্রমুখ।