বিরলে জমি-জমার পূর্ব বিরোধে ভাতিজার দেশীয় অস্ত্রের কোপে আপন চাচা আবদুল কাদের হত্যাকান্ডের মূল আসামি ভাতিজা নাঈম ও ভাই রোস্তম আলী আত্মগোপনে থাকায় পুলিশী ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। মামলা দায়েরের প্রায় ৭ দিন অতিবাহিত হলেও অপর মূল আসামিরা আটক না হওয়ায় ভিকটিমের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। থানা পুলিশ মামলার এক আসামীকে গ্রেফতার এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের অব্যাহত চেষ্টা করছে বলে জানিয়েছে।
নিহতর ভাই আবুল হোসেন বাবু জানান, গত প্রায় ৫/৬ বছর যাবৎ উপজেলার বিজোড়া ইউনিয়নের বল্লভপুর (মাঝাপাড়া) গ্রামের মৃত আবদুল আজিজ এর ৫ পুত্রের মধ্যে বাড়ীর পার্শ্ববর্তী ২৬ শতকের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধীয় জমিতে ৫ ভাগে ৫ ভাই ও তাঁদের সন্তানেরা চলতি মৌসুমে ধান আবাদ করে। বিরোধকে কেন্দ্র করে ইতোমধ্যে আদালতে মামলা চলমানও রয়েছে।
গত ২৭ নভেম্বর শুক্রবার দুপুরে ওই জমিতে থাকা ধান আবদুল কাদের কেটে শুকাতে দেয়ার পর অপর এক ভাই আবুল হোসেন বাবু’র রোপিত ধান ক্ষেত অপর আরেক ভাই রোস্তম আলী তাঁর স্ত্রী সন্তানসহ ভাড়াটে লোকজন নিয়ে জোড়র্পূক কাটতে যায়। এ সময় আবদুল কাদের ও আবুল হোসেন বাঁধা দিতে গেলে রোস্তম আলীর সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারপিট শুরু হয়। মারপিটের একপর্যায়ে রোস্তম আলীর ছেলে নাঈম ইসলাম (৩৫) ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া)’র কোপ দিলে আবদুল কাদের (৭৫) রক্তাক্ত জখম হোন। এ সময় আহতর আত্মচিৎকারে পরিবারের অন্যান্য লোকজনসহ প্রতিবেশিরা এগিয়ে এলে নাঈম ইসলাম ও তাঁর পিতা রোস্তম আলী এবং মাতা নারগীস বেগম ও তাঁদের ভাড়াটে লোকজন পালিয়ে যায়। সাথে সাথে আবদুল কাদের কে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরেরদিন ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে নিহতর দাফন সম্পন্ন করা হয়। নিহতর কন্যা কামরুন নাহার রিতা বাদী হয়ে হত্যাকান্ডের মূল হোতা নাঈম, তার পিতা রোস্তম আলী ও মাতা নারগীস বেগমকে আসামি করে বিরল থানায় একটি মামলা দায়ের করে।
বিরল থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে। ঘটনায় মামলা রুজু ও একজন আসামীকে আটক করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন জানান, মামলার এজাহার নামীয় আসামি নারগীস বেগমকে পরেরদিন শনিবার আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের আটকের জন্য চেষ্টা চলছে।