ভাসানচরে রোহিঙ্গাদের জীবিকা নির্বাহ এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক সুবিধার বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র বলেছে রোহিঙ্গারা যেন স্বাধীনভাবে কক্সবাজার থেকে ভাসানচরে আসা-যাওয়া করতে পারে তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার এক বার্তায় এ উদ্বেগ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর ইস্যুতে জাতিসংঘের অবস্থানের সঙ্গে সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, এ ধরনের যে কোনো স্থানান্তর অবশ্যই স্বেচ্ছায় হতে হবে। বার্তার বেশিরভাগ অংশেই রোহিঙ্গাদের মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশকে কী কী করা উচিত তা নিয়ে পরামর্শ দেয়া হয়ে হয়েছে। যদিও বার্তার একাংশে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য রাখাইনে সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারকে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ভাসানচরে রোহিঙ্গাদের বসবাস উপযোগী পরিবেশ নিশ্চয়তার জন্য আবারও স্বাধীন ও স্বতন্ত্র মূল্যায়ন করতে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম আন্দ্রেয়স এ আহ্বান জানান।