গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় রওশন আরা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে আরমান মিয়া গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে গাইবান্ধা-সুন্দরগঞ্জ গ্রামীণ হাইওয়ে সড়কের বালার ছিড়া নামক স্থানে। স্থানীয়রা জানান মোটরসাইকেল যোগে আরমান তার মাকে নিয়ে উপজেলা শহর হতে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে পৌচ্ছা মাত্রই বিপরীত দিক থেকে আসা কাঁকড়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী রওশন আরার মৃত্যু হয় এবং চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা আরমানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। রওশন আরা উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মহসীন আলীর স্ত্রী। সে স্বামীর পেনশন তোলার জন্য ছেলেসহ উপজেলা শহরে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করেন এবং ঘাতক কাঁকড়া গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। থানা কর্মকর্তা ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান এনিয়ে এখনও মামলা হয়নি।