নিম্নমানের ইটা ও খোয়া। শোল্ডারে নেই মাটি। রিটার্নিং দেওয়ালের নীচ থেকেই উত্তোলন করা হচ্ছে মাটি। সরাইলের বড্ডাপাড়া-কুচনি সড়কের তেরকান্দা-কাটানিশার অংশে কোটি টাকার সড়ক নির্মাণ কাজে অগণিত অনিয়মের অভিযোগ ওঠেছে। লিখিত অভিযোগ দেয়া হয়েছে ইউএনও’র কাছেও। এরপরও ক্ষমতার প্রভাবে চলমান ছিল কাজ। প্রতিবাদ করে ঠিকাদারের লোকজনের হুমকি শুনতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অবশেষে বৃহস্পতিবার লিখিত ভাবে ওই সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি)। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা-কাটানিশার দেড় কিলোমিটার সড়কটির বেহাল দশা ছিল দীর্ঘদিনের। এ সড়ক দিয়ে কুচনি, বড্ডা, মলাইশ, দেওড়া, আখিঁতারা, কাটানিশারসহ ৭-৮ গ্রামের বাসিন্দা চলাচল করেন। সম্প্রতি অত্যন্ত জন গুরূত্বপূর্ণ সড়কটি নির্মাণে ‘গ্রেটার কুমিল্লা প্রজেক্টে (জিসিপি)’ এর আওতায় দরপত্র আহবান করা হয়। ১ কোটি ১৫ লাখ টাকার কাজটি পায় বিজিল্যান্ড ফাউন্ডেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরূ থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রি ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ করে আসছিলেন স্থানীয় লোকজন। ঠিকাদারের লোকজন উল্টো স্থানীয় লোকজনকে ক্ষমতার প্রভাব দেখিয়ে হুমকি দিয়েছেন। এ বিষয়ে তেরকান্দা ও কাটানিশার গ্রামের লোকজন লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। গত বুধবার সরজমিনে দেখা যায়, ময়লাযুক্ত একেবারে নিম্নমানের ইটা দিয়ে চলছে সড়ক নির্মাণের কাজ। হাত দিয়ে চাপ দিয়ে ভেঙ্গে গুড়া হয়ে যায় খোঁয়া। প্রস্থ ১০ ফুট থাকার কথা থাকলেও কিছু জায়গায় সাড়ে আট ও নয় ফুট। এ্যাজিনে ব্যবহৃত ইটাও নিম্নমানের। শোল্ডার নেই। কিছু জায়গায় আধাফুট বা একফুট রয়েছে শোল্ডার। সড়কের পাশের খালে রিটার্নিং দেওয়ালের কাছ থেকেই উত্তোলন করছেন মাটি। ফলে ওই দেওয়ালের সিমেন্টের খুঁটি গুলিও হয়ে পড়েছে নড়বড়ে। দেওয়ালটির ঝুঁকি বাড়ছে। নিম্নমানের কাজের কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় লোকজন। তাই তারা বারবার কাজের অনিয়মের প্রতিবাদ করছেন। সেখানকার বাসিন্দা মো. খোরশেদ আলম (৬৬), মো. হারূন মিয়া (৪২) ও আফসার উদ্দিন (২৬) সহ অনেকেই বলেন, ৫০ বছর পর শেখ হাসিনার সরকারের মাধ্যমে এখানকার মানুষের মধ্যে স্বস্থি এসেছিল। ঠিকাদারের অনিয়ম সেই সুখ ও স্বস্থি কেড়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী যখন আমার গ্রামকে শহরে পরিণত করার স্লোগান দিচ্ছেন। ঠিক সেই সময়ে এই সড়ক নির্মাণে প্রত্যেকটি কাজে অনিয়ম দূর্নীতি মেনে নেয়া যায় না। এ ভাবে কাজ করলে আগামী বর্ষায় সড়কটি পাশের খালে নিমজ্জিত হবে। মতি মিয়া (৬৫) বলেন, বাবারে এমন কাম জীবনেও দেহি নাই। এ গুলি ইড অ না, কনা অ না। হোদা হাজু আর হাজু। দরলে অই ভাইঙ্গা যায়। আহারেই গরীবের বালা নিয়া হগলে অই হেলে। এ বিষয়ে ঠিকাদার মো. হেলাল উদ্দিন বলেন, কাজের শুরূতে কিছুটা সমস্যা হয়েছিল। এখন কাজ ভাল ভাবেই চলছে। আর সমস্যা হবে না। উপজেলা প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমীন বলেন, কাজের অনিয়মের কারণে ঠিকাদারকে আগেও একাধিক সতর্ক করেছি। মৌখিক ভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সে শুনেনি। আজ (গতকাল) আমি তাকে কাজ বন্ধ রাখতে লিখিত নির্দেশ দিচ্ছি।