মানিকগঞ্জের সুফিয়ানের সার্টিফিকেট সংশোধন করে বিরলের সুফিয়ান নিজের বাবা-মায়ের নাম বসানোর অভিনব একটি সংবাদে বিরলের সর্বত্র ব্যাপক গুঞ্জণ শুরু হয়েছে। জালিয়াতির চক্করে পরিচয়টাই খোয়াতে বসেছিলেন শীরোনামে প্রথম আলো অনলাইন ভার্সনে গত ৩ ডিসেম্বর/২০২০ তারিখে প্রকাশিত সংবাদে মানিকগঞ্জের আসল সুফিয়ান এর পরিচয় তুলে ধরা হলেও জালিয়াতির কারিগর বিরলের কুলাঙ্গার সুফিয়ান এর পুরো পরিচয় তুলে ধরা হলেও ছবি দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এছাড়াও যমুনা টিভিতেও সংবাদটির সচিত্র প্রতিবেদন প্রকাশ ও প্রচারীত হয়। সংবাদমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলে সচেতন মহলে এর তীব্র প্রতিক্রীয়া দেখা দেয়।
প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) পাস করা মোঃ আবু সুফিয়ান দিন কয়েক আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করতে গেলেন, কিন্তু পারছিলেন না। কারণ, অনলাইন আবেদনে এসএসসি, এইচএসসির রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিলে মা-বাবার ভিন্ন নাম দেখাচ্ছিল। আগেও একবার বিসিএস পরীক্ষা দেওয়ার সময় ঢাকার কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে একই সমস্যায় পড়েন সুফিয়ান। তখন একজন পরামর্শ দেন কেন্দ্র পরিবর্তন করে দিতে। পরে রাজশাহীতে কেন্দ্র দিয়ে পরীক্ষা দিতে পেরেছিলেন। কিন্তু এবার প্রাথমিকের শিক্ষক পদে ঠিকমতো আবেদনই করতে পারেননি সুফিয়ান।
পরে আবেদন কাজের দায়িত্বে থাকা ব্যক্তিদের পরামর্শে ঢাকা বোর্ডে যান আবু সুফিয়ান। সেখানে গিয়ে যা জানলেন, তাতে তাঁর চক্ষু চড়কগাছ! কারণ, দুই বছর আগেই কেউ একজন তাঁর নিজের নাম আংশিক এবং বাবা ও মায়ের নাম পুরোটাই পাল্টে ফেলেন। এখানে-সেখানে কথা বলে সমাধান না পেয়ে হতবাক আবু সুফিয়ান যান নিজের বিদ্যালয় মানিকগঞ্জের শিবালয় সরকারি হাইস্কুলে, যেখান থেকে তিনি এসএসসি পাস করেন। শিক্ষকেরা জানালেন, তিনিই ‘আসল’ সুফিয়ান। প্রতিকার চেয়ে লিখিতভাবে আবেদন করেন ঢাকা বোর্ডে।
সম্প্রতি সংবাদ মাধ্যমে তিনি জানান তাঁর এই দুর্দশার কথা। অনুসন্ধান করতে গিয়ে মেলে পরতে পরতে জালিয়াতির প্রমাণ। আসল সুফিয়ানের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার কামার ভাকলা গ্রামে। তিনি ২০০৮ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শিবালয় সরকারি হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ২০১০ সালে এইচএসসি পাস করেন ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজ থেকে পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পাস করেন। তাঁর ইংরেজি নামের বানান (গফ. অনঁ ংঁঢ়যরধহ)।
আর তাঁর বাবার নাম মোঃ সোনামুদ্দিন ও মায়ের নাম রাজিয়া বেগম। কিন্তু ২০১৭ সালের ৩০ অক্টোবর ঢাকা বোর্ডের নাম সংশোধন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আবু সুফিয়ানের ইংরেজি নাম সামান্য পরিবর্তন করে করা হয় (গফ. অনঁ ংঁভরধহ)। একই সঙ্গে তাঁর বাবার নাম পুরোটাই পরিবর্তন করে করা হয় মোঃ শহীদুল ইসলাম (ইংরেজিতে)। একই বছরের ৪ ডিসেম্বরের আরেক সভায় তাঁর মায়ের নামও পুরোপুরি পাল্টে করা হয় মোছাঃ জিন্নাতুন বেগম। এ কাজে বোর্ডের কারও সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা আসল সুফিয়ানের।
সংবাদ মাধ্যম গত রোববার ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখায় গিয়ে খোঁজ নিলে ওই শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব (বৃত্তি) মীর আশরাফ আলী মূল নিবন্ধন বই বের করে দেখেন, ওই দুই তারিখেই পরিবর্তনগুলো করা হয়েছে। ওই সময়ে তিনি এই দায়িত্বে ছিলেন না। ৩০ অক্টোবরের সভায় যে পরিবর্তনটি হয়েছে, তাতে ‘আবেদনকারী’ প্রামাণ্য কাগজ হিসেবে নিজের ও বাবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বোনের সনদ জমা দেন। আর ৪ ডিসেম্বরের সভায় যে পরিবর্তন করা হয়েছে, তাতে ‘আবেদনকারী’ পাসপোর্ট, বাবার এনআইডি ও বোনের সনদ প্রামাণ্য কাগজ হিসেবে জমা দেন।
তাঁরা তদন্ত করে জানতে পেরেছেন, যিনি নাম সংশোধন করিয়েছেন, তিনি জালিয়াতি করে তা করেছেন। এজন্য তাঁর দ্বি-নকল সনদসহ আনুষাঙ্গিক কাগজপত্র বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আসল সুফিয়ান প্রামাণ্য কাগজের এসব তথ্য জানার পর আরও অবাক হন। কারণ, তাঁর কোনো বোন নেই। তাঁরা পাঁচ ভাই।
কিন্তু এই সুফিয়ানই যে আসল, তা কতটা সত্য। জানার জন্য শিবালয় সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হজরত আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এই সুফিয়ানকে তিনি ভালো করেই চেনেন। তাঁর এলাকার ছেলে।
তদন্তে আরও জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। ‘নকল’ সুফিয়ান সনদ হারিয়ে যাওয়ার কথা লিখে গত বছরের ৩১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পত্রিকায় বিজ্ঞপ্তিও দেন। এভাবে গত বছরের ফেব্রুয়ারিতে অনলাইনে আবেদন করে সংশোধন করা দ্বি-নকল সনদও তুলে নেন। আর এই সনদ তোলায় আবেদন করা হয় স্কুল ও কলেজের মাধ্যমে।
ঢাকা বোর্ডের সচিব তপন কুমার সরকার বুধবার সংবাদ মাধ্যমকে বলেন, তাঁরা তদন্ত করে জানতে পেরেছেন, যিনি নাম সংশোধন করিয়েছেন, তিনি জালিয়াতি করে তা করেছেন। এজন্য তাঁর দ্বি-নকল সনদসহ আনুষাঙ্গিক কাগজপত্র বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে জালিয়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজধানীর চকবাজার থানায় একটি জিডি করা হয়েছে। আর আসল সুফিয়ান যাতে সমস্যায় না পড়েন, সেটিও ব্যবস্থা করা হচ্ছে।
আসল সুফিয়ান সংবাদ মাধ্যমকে বলেন, এই সমস্যার কারণে তিনি চাকরির আবেদন করতে পারছেন না। অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁর। তবে ঢাকা বোর্ড কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, তিনিই আসল সুফিয়ান। এখন তাঁর চাওয়া, তিনি যেন চাকরির আবেদন ঠিকঠাক করতে পারেন। একই সঙ্গে তিনি ওই প্রতারকের শাস্তি চান।
এদিকে, সংবাদটি প্রচারীত হওয়ার পর এলাকায় কখনও চিকিৎসক, কখনও মেরিন ইঞ্জিনিয়ার, কখনও উচ্চ শিক্ষায় বৃত্তিপ্রাপ্ত হয়ে বিদেশে পড়ালেখা করছে পরিচয়দানকারী আবু সফিয়ানের বিষয়ে গুঞ্জণ শুরু হয়। প্রতিবেদনে জালিয়াতির হোতা নকল সুফিয়ানের ছবি দেখে ও বাবা-মায়ের নাম জেনে সকলে নিশ্চিত হোন দিনাজপুর জেলার বিরল উপজেলার বিরল পৌরশহরের ৮নং ওয়ার্ড (বিরল শাহাপাড়া) গ্রামের মৃত শহিদুল ইসলাম ওরফে টেক্কা ও মোছাঃ জিন্নাতুন নেছা’র পুত্র আবু সফিয়ানই হলো মানিকগঞ্জের আসল সুফিয়ানের নাম সংশোধন করে দ্বিতীয়বার সার্টিফিকেট সংগ্রহকারী। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে নকল সুফিয়ানকে বিরলে যত্রতত্র ঘোরাফিরা করতে দেখলেও এখন আর তার দেখা মিলেনা এবং মুঠো ফোন বন্ধ রেখে নিজের ফেসবুক একাউন্টটিও মুছে ফেলা হয়েছে সম্প্রতি। বিরলের আবু সুফিয়ান এর বাড়ীতে গেলেও পরিবারের লোকজন কে কোথায় আছে তা কেউ বলতে রাজি হোননি। খোঁজ নিয়ে জানা গেছে, বিরলের আবু সুফিয়ান ২০০৮ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছে।