ফুটবল টুর্নামেন্টের জেরে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী আয়াজ হক হত্যা মামলার রায় ঘোষণা।
রাজধানীর ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী আয়াজ হক হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।
কলেজে ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধের জেরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগের মামলায় আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেয়া হয়। হত্যা মামলায় অপর পাঁচ আসামি তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
রায় ঘোষণার আগে কারাগারে আটক আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত ২০১৪ সালে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিটি কলেজের শিক্ষার্থীদের দু'পক্ষের সংঘর্ষ বাধে। সে সময় সিটি কলেজ পড়ুয়া বড় ভাইয়ের সঙ্গে সেখানে গেলে প্রতিপক্ষের পিটুনি ও ছুরিকাঘাতে খুন হয় স্কুলছাত্র আয়াজ।