বিরলে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ডিসেম্বর)-২০২০ উদযাপন করা হয়েছে। কমলা রঙের বিশ্বে নারী, বাঁধার পথ দেবেই পাড়ি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম প্রমূখ। অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, সিডিএ’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, পল্লীশ্রী দাবি প্রকল্পের ইউনিট ম্যানেজার মনতাজুল ইসলাম, নারীনেত্রী সুলতানা ইয়াসমিন রুমন, সাংবাদিক আতিউর রহমান, সাংবাদিক সুবল চন্দ্র রায়, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী পরেশ চন্দ্র রায়সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ১০ নং রাণীপুকুর ইউপি’র মিনারা খাতুন (সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী), একই ইউপি’র ফিলোমিনা মুর্মু (সফল জননী), ১১ নং পলাশবাড়ী ইউপি’র রাধা সরেন (নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী) ও ৮ নং ধর্মপুর ইউপি’র ময়না খাতুন (অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করেছেন যে নারী) ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হিসাবে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে এদের মধ্য হতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ময়না খাতুন জেলা পর্যায়েও শ্রেষ্ঠ স্থান অর্জন করায় জেলায় সম্মাননা প্রাপ্ত হোন।