ভাস্কর্য ইতিহাস ঐতিহ্যের অংশ উল্লেখ করে আরব আমিরাতের চার্জ দ্যা অ্যাফেয়ার্সে আবদুল্লাহ আলী আল হামৌদি বলেছেন, শতবছর ধরেই দেশে দেশে ভাস্কর্য রয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে, সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় আবদুল্লাহ আলী আল হামৌদি বলেন, 'আরব আমিরাতেও শতবর্ষ পুরনো অসংখ্য ভাস্কর্য রয়েছে। কারণ, এটি ইতিহাস ও সংস্কৃতির অংশ।'
বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক অনেক ভালো উল্লেখ করে তিনি আরো জানান, 'দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষ আমাদের উন্নয়ন ও আমাদের অবকাঠামোতে অংশীদার। আমরা সেজন্য কৃতজ্ঞ। আমরা কাজের জন্য লোক খুঁজছি এবং আমাদের সম্পর্ক অন্যান্য ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি।'
আমিরাতে করোনার পর বাংলাদেশি শ্রমিকদের যাওয়ার ব্যাপারে তিনি বলেন, 'চলমান মহামারির মধ্যে যেসব কর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে তারা টিকিট কেটে, সরাসরি আরব আমিরাত চলে যাবে। এর জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন হবে না। করোনা মহামারি নিয়ে গোটা বিশ্ব সঙ্কটে আছে। মহামারির পর বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম ভিসা অনেকটা সহজ হবে।'