আগামী ১৬ই জানুয়ারী সারিয়াকান্দি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য এরইমধ্যে মনোয়ন পাওয়ার জন্য মেয়র পদে বিএনপি, আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোয়নের আশায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। বসে নেই কাউন্সিলর প্রাথীরাও। তারা ভোটারদের নিকট থেকে দোয়া ও সমর্থন চাওয়ার পাশাপাশি সাধারণ ভোটাদের কাছে যেতে শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ জানুয়ারী অনুষ্টিতব্য সারিয়াকান্দি পৌরসভার সাধারণ নিবার্চন হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক তফশিল ঘোষনার পরপরই মেয়র,কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ ভোটারদের মধ্য এ ভোট নিয়ে বিভিন্ন রকমের কৌতুহল, আলাপ-আলোচনা ও জলপনা-কল্পনা সৃষ্টি হয়েছে। তবে এ মূহুর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মেয়র পদে বিভিন্ন দলের প্রার্থী মনোয়ন নিয়ে। এরইমধ্যে আওয়ামী লীগ থেকে যেসব প্রার্থীর নাম দলীয় ফোরমে এবং ভোটারদের কাছে সবচেয়ে আলোচিত হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রাজু, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ ফারাজী, সাবেক ছাত্রলীগ নেতা ও ক্লিনিক ব্যবসায়ী আপেল মাহমুদ লাবলু, সাবেক পৌর মেয়র আবদুল হামিদ সরদার ও যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ এর নাম। দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানায়, ওই সাত জনের মধ্যে যেকোন একজনকে মনোয়ন দেওয়ার জন্য জেলা আওয়ামী লীগের কাছে নামের তালিকা পাঠানো হয়েছে। যদিও বর্তমান মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের নাম সাধারণ ভোটাদের মুখে শোনা যাচ্ছে। তবে বর্তমান মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের নাম স্থান পাইনি ওই তালিকায়। তবে আলমগীর শাহী সুমন বলেছেন, জেলা কমিটিতে নাম না পাঠানোর জন্য তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আশা করে বলেন, উপজেলা কমিটি তার নাম না পাঠালোও জেলা কমিটি তার নাম বিশেষ সুপারিশ সহকারে কেন্দ্র কমিটির কাছে পাঠাবেন। তিনি আশা করে বলেন, তিনি আবারও আওয়ামী লীগ দলে নৌকা প্রতীকে প্রার্থী হয়ে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন।
অপর দিকে বিএনপি দলের মনোয়ন নেওয়ার জন্য যারা দৌড়ঝাপ শুরু করেছেন তারা হলেন, সিরাজুল ইসলাম ফুল, ছাবিনা ইয়াসমিন বেবি, রুস্তব আলী সরকার ও অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা। তবে এইসব প্রাথীদের নাম দলীয় ফোরামে আলোচনার পাশাপাশি ভোটারদের মুখে আলোচিত হচ্ছে। দলের অন্যতম নেতা মেহেদী হাসান সুভল জানান, মেয়র পদের জন্য এরইমধ্যে তাদের নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছে।