দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, উদোর পিণ্ডি বুধোর কাঁধে চাপিয়ে গণতন্ত্রকামীদের নির্যাতন করতে চায় সরকার। ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের অপকর্মই করছে আওয়ামী লীগ।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'এই সময়ে আপনারা ছাড়া অপকর্ম আর কে করতে পারে, আপনারা ছাড়া আর কারেও তো কিছু করার সুযোগই নেই।'
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজ করে উল্টো। তারা কোনোদিনই গণতান্ত্রিক দল ছিলো না। গণতন্ত্র ও আওয়ামী লীগ কখনোই একসাথে যায় না।