ট্রেনের তেল চুরির অভিযোগে রেলওয়ে নিরাপত্তাবাহীনির (আরএনবি পশ্চিমাঞ্চল) প্রধান ফাত্তা ভূঁইয়া এবং রাজশাহীর চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (সিপিও) মৃনাল কান্তি বনিককে ওএসডি করা হয়েছিল। গত ২৩ এপ্রিল তেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে রেলওয়ের সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবদুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়। ব্যবস্থা নিলেও থেমে নেই তেল চুরির ঘটনা।
রেলওয়ের দুই অঞ্চলে (পূর্ব-পশ্চিম) বছরে প্রায় ১০০ কোটি টাকার তেল চুরি হয় বলে অভিযোগ রয়েছে। লোকোশেড ছাড়াও পাওয়ার কার, ডিপো ও ট্রেন ইঞ্জিন থেকেই চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়া গেছে, এর সঙ্গে জড়িত স্টেশন মাস্টার, ডিপো ইনচার্জ, গার্ড, ট্রেনচালক ছাড়াও সক্রিয় একাধিক সিন্ডিকেট। জানা যায়,গত ১৭ মে রেলওয়ের লোকোমোটিভ থেকে ওঠানো ৬৪৪ লিটার তেল নির্ধারিত পিডব্লিউআই অফিসে না নিয়ে অন্যত্র বিক্রি করার সময় রেলওয়ে শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকনকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার কর্মকর্তারা। রোকন রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ অফিসের অধীনে ওয়েম্যান হিসেবে কাজ করেন। ঈশ্বরদীর কদমতলা এলাকায় স্থানীয় এক ব্যবসায়ীর কাছে তেল বিক্রি করার সময় আটক করা হয় ওই নেতাকে।
এর আগে ২৩ এপ্রিল রাজশাহী রেলস্টেশনে চোরাই তেল ট্যাংকারে ভরার সময় ৫ হাজার লিটার তেলের সঙ্গে রেলওয়ের ডিপো ইনচার্জ উপসহকারী প্রকৌশলী আবুল হাসানসহ চারজনকে গ্রেফতার করে আরএনবি। এঘটনায় আটককৃদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয় এবং আদালতে চালান করেন। কিছু দিন পর তারা সবাই জামিনে ছাড়া পেয়ে আবার চাকরিতে পুনর্বহাল হয়েছে। কিছু দিন পর আবারও সক্রিয় হয় তেল চুরির কাজে। হিসেব পরিসংখ্যায় জানা গেছে, পূর্ব ও পশ্চিম দুই বিভাগে ২৪ ঘণ্টায় দেশের চারটি সেকশনে তিন শতাধিক এক্সপ্রেস, মেইল, লোকাল ও মালবাহী ট্রেন চলাচল করে।
বর্তমানে ২ হাজার ৯৫৬ কিলোমিটার রেলপথ আছে। ৪৪টি জেলায় এসব ট্রেন চলাচল করে। এ সংখ্যক ট্রেন চলাচলে ২৪ ঘণ্টায় গড়ে ১ লাখ ৮৩ হাজার লিটার তেলের প্রয়োজন হয়। এ হিসাবে বছরে ৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার লিটার তেল লাগে ট্রেনে। রেলওয়ে নিরাপত্তা বিভাগের আনুমানিক হিসাব মতে, সারা দেশের রেলপথে দৈনিক গড়ে ৪৫ হাজার লিটার তেল পাচার ও চুরি হয়। বছরে যে পরিমাণ তেল পাচার হয় তার দাম ১০০ কোটি টাকার বেশি।
পশ্চিম রেলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (আরএনবি) আশাবুল ইসলাম বলেন, পশ্চিমাঞ্চলে মোট ১৯টি চৌকি রয়েছে। গোয়েন্দা ইউনিটের ১৯টি মাঠে তেল চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গোপনে কাজ করছে। বর্তমানে রাজশাহী ডিভিশনে ট্রেনের তেল চুরির ঘটনা নেই বললেই চলে।
পশ্চিমাঞ্চলের সবচেয়ে বেশি তেল চুরি ও পাচার হয় পাকশী বিভাগের আবদুলপুর, ঈশ্বরদী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, হাতীবান্ধা, পার্বতীপুর, সৈয়দপুর, ললিতনগর, সান্তাহার, কাউনিয়া, চাটমোহর, বালাসী রেল ডিপো, পোড়াদহ, কালুখালী, দৌলতদিয়া, নওয়াপাড়া, রহনপুর, দর্শনা ও নাটোর স্টেশনে। পূর্ব ও পশ্চিমাঞ্চলের ১৯২ ট্রেনের মধ্যে ১৮৩টিতেই তেল চুরি হয় বলে অভিযোগ আছে। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এক প্রশ্নের উত্তরে আরএনবির প্রধান বলেন,জামিনে বাইরে এলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণে রাখছে গোয়েন্দা ইউনিট।
এ ছাড়া দুই অঞ্চলের মালবাহী ট্রেন থেকে তেল চুরির ঘটনাও কম না। জানা গেছে, গত ২১ অক্টোবর ঈশ্বরদী বাইপাস স্টেশনে বিরতিহীন বনলতা এক্সপ্রেস থামিয়ে পাওয়ার কার থেকে তেল পাচারের সময় ১২০ লিটার তেলসহ আবদুল হাকিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আরএনবি।
অভিযান পরিচালনাকারী ঈশ্বরদী রেল নিরাপত্তা বাহিনীর পরিদর্শক বলেন, আবদুল হাকিম আগেও তিনবার তেলসহ গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে ঈশ্বরদী আরএনবি ফাঁড়িতে মামলা রয়েছে। ঈশ্বরদী বাইপাসে বনলতা ট্রেনের স্টপেজ না থাকলেও চালক ও গার্ডরা সেখানে ট্রেন থামিয়ে তেল পাচারের সুযোগ করে দেন। এর আগে ২৯ আগস্ট লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের মহেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের তিন কর্মচারী চোরচক্রের একজনের যোগসাজশে চলন্ত ট্রেন ২০ ডাউন-এর সংযুক্ত বগি স্টোরভ্যান থেকে মবিল ভর্তি তিনটি ড্রাম ও ডিজেলভর্তি দুটি জ্যারিকেন নিচে ফেলে দিয়ে চলে যায়। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই ট্রেন থেকে ফেলে দেওয়া তিনটি ড্রামভর্তি ৬২৪ লিটার মবিল ও দুটি জ্যারিকেনভর্তি ৩০ লিটার ডিজেল উদ্ধার করেন। এ সময় মবিল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়।
পশ্চিম রেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বনলতা এক্সপ্রেসের মতো অভিজাত ট্রেনের সুরক্ষিত পাওয়ার কারে চোর ঢুকে তেল চুরি করা কোনোভাবেই সম্ভব নয়। যদি ট্রেনে দায়িত্বরত কেউ সেই সুযোগ না করে দেন। তেল চোর হাকিম গ্রেফতার হলেও বনলতার পাওয়ার কারে দায়িত্বরত কাউকে আটক করা হয়নি।
এর আগে চলতি বছরের ১৯ মার্চ তেল চুরির দায়ে
ওএসডি করা হয় পশ্চিমাঞ্চলের আরএনবির প্রধান ফাত্তা ভূঁইয়া এবং রাজশাহীর সাবেক সিপিও মৃনাল কান্তি বনিককে। সাজাভোগের পর তাঁদের চাকরিতে বহাল করা হয়েছে।