রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
বুধবার (২ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মহিন উদ্দিন নামে এক আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
২০১৯ সালের ২০ জুলাই উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন বাড্ডা থানায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাগ্নে নাসির উদ্দিন।
১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক।