বিএনপি ‘সুবিধাবাদ জিন্দাবাদে’ বিশ্বাস করে বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোন কৃতজ্ঞতা বোধ নেই। তাদের আন্দোলনের ডাক এখন আষাঢ়ের তর্জন-গর্জনেই সার।
বুধবার (২ ডিসেম্বর) সকালে চার লেনের ২য় নয়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধনকালে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, মহামারির প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল, তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। অথচ জনগণের এই দুঃসময়ে বিএনপি কোন ভূমিকা না রেখে শুধু বক্তৃতা-বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে। অথচ নিজেদের ব্যর্থতা স্বীকার না করে উল্টো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন ‘মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে।’