গত সপ্তাহে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিশেষ ট্রেনে করে দিল্লি যাওয়ার সময় চৌদ্দ জন রোহিঙ্গাকে আটক করে ভারতীয় পুলিশ। কিন্তু তারা বাংলাদেশ থেকে কিভাবে ভারতে গেল সেটিই জানার বিষয়।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বাংলাদেশ থেকে কিভাবে এই রোহিঙ্গারা ভারতে প্রবেশ করলো সে বিষয়ে জানানো হয়েছে।
প্রতিবেদনে ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ভুয়া নাম ও পরিচয় দিয়ে টিকিট কাটেন এবং তাদের কাছে কোন বৈধ পরিচয়পত্র ছিল না। ত্রিপুরার আগরতলা থেকে দ্রুতগামী বিশেষ রাজধানী এক্সপ্রেস দিল্লিতে যায়, সেই ট্রেনের যাত্রী হিসেবে ছিলেন ওই রোহিঙ্গারা।
যে চৌদ্দ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে দশজন ছিলেন নারী, একজন শিশু ও বাকি তিনজন পুরুষ। ত্রিপুরা ও আসাম ছাড়িয়ে ট্রেনটি যখন পশ্চিমবঙ্গে ঢোকে তখন ওই কামরার অন্য যাত্রীদের সাথে তারা বচসায় জড়িয়ে পড়েন।
ভারতের পূর্বোত্তর সীমান্ত রেলের প্রধান মুখপাত্র শুভানন চন্দা বিবিসির প্রতিবেদনে জানিয়েছেন, ‘ওই রোহিঙ্গারা সবাই অন্য নামে টিকিট কেটেছিল এবং তাদের কারও কাছেই আইডি ছিল না। টিকিট পরীক্ষক যখন চেকিং করতে আসে তখন তারা কেউই আইডি দেখাতে পারেননি এবং সেটাকে কেন্দ্র করে এক পর্যায়ে বাগবিতণ্ডা শুরু হয়।’
শুভানন চন্দা আরও জানান, 'অন্য যাত্রীরা আলিপুরদুয়ারে রেলের হেল্পলাইনে ফোন করলে রেল পুলিশ পরের স্টেশনেই গিয়ে তাদের আটক করে এবং রোহিঙ্গাদের ওই দলটিকে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ বা জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।'
এদিকে, বাংলাদেশে থেকে রোহিঙ্গাদের ভারতে ঢোকার বিষয়ে অভিযোগ নতুন নয়, তবে তাদের ত্রিপুরা সীমান্ত ব্যবহার করে ভারতে ঢোকার ঘটনা নতুন প্রবণতা বলে মনে করছেন ওই অঞ্চলের বিশেষজ্ঞরা।