কোনোভাবেই বেপরোয়া গাড়ি চালানো যাবে না জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য চালকদের কাউন্সিলিং করতে মালিক-শ্রমিকদের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোগে বেসরকারি সংগঠন ‘নিসচা’-এর ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তায় প্রণয়ন করা নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ আংশিকভাবে কার্যকর রয়েছে। তবে সবার সহযোগিতায় অচিরেই এ আইন পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে।
কাদের বলেন, নিরাপদ ও ভ্রমণবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার অগ্রাধিকার দিচ্ছে। সড়কের পাশে যত্রতত্র বাস থামানো বন্ধে পরিকল্পিত বাস স্টপেজ নির্মাণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে অপরিকল্পিত গতিরোধক দুর্ঘটনা ঘটায়। তাই সড়কের সাড়ে পাঁচশ’ অপরিকল্পিত গতিরোধক এরই মধ্যে অপসারণ করা হয়েছে।